ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ

নজর২৪, ঢাকা- মার্কেট খোলার দাবিতে আজও বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় বিক্ষোভ করেন।

 

মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় হাজী আসহান উল্লাহ সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যবসায়ীরা।

 

এ সময় বিভিন্ন মার্কেটের দুই শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

 

বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইলো স্বাস্থ্যবিধি মেনে যাতে দোকান খুলে দেওয়া হয়। নইলে ব্যবসায়ীদের না খেয়ে মরতে হবে।

 

মাজহারুল ইসলাম নামে আরেক ব্যবসায়ী বলেন, লকডাউন আমরা মানি না। গত বছর লকডাউনে আমরা ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছি। স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি না মানলে সামনে আমরা কঠোর আন্দোলনে যাবো।

 

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে ব্যবসায়ীরা নিজেরাই রাস্তা থেকে সরে যান। এ সময় পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

 

গতকালও মার্কেট খোলার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছিলেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *