শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চে মিলল আরও ২১ মরদেহ

নজর২৪, ঢাকা- নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ থেকে আরও ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ জনে।

 

সোমবার (০৫ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে উদ্ধারকারী জাহাজের সহায়তায় লঞ্চটি তীরে আনা হয়। এরপর লঞ্চটির ভেতর থেকে মরদেহগুলো বের করে আনেন উদ্ধারকর্মীরা।

 

দুপুর দেড়টার দিকে ২১ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার। এ নিয়ে এ ঘটনায় মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হলো।

 

লাশ উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে।

 

এর আগে গতকাল রাতে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন মুন্সিগঞ্জ সদরের মালপাড়া এলাকার হারাধন সাহার স্ত্রী সুনিতা সাহা (৪০), উত্তর চরমসুরা এলাকার অলিউল্লাহর স্ত্রী সখিনা বেগম (৪৫), একই এলাকার প্রীতিময় শর্মার স্ত্রী প্রতিমা শর্মা (৫৩), সদরের নয়াগাঁও পূর্বপাড়া এলাকার মিথুন মিয়ার স্ত্রী সাউদা আক্তার লতা (১৮) ও অজ্ঞাত নারী (৩৪)।

 

যাত্রীবাহী লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে যাত্রীবাহী লঞ্চটি মদনগঞ্জ এলাকায় নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুর কাছাকাছি এসকে-৩ নামের একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ ঘটনায় অনেকে সাঁতরে তীরে উঠে যান। তবে অনেকে নিখোঁজ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *