নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৬ হাজার ৪৬৯ জন রোগী শনাক্ত হয়েছে। যা দেশের ইতিহাসে এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে শনাক্তকৃত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৭৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনায় মারা গেছেন আরও ৫৯ জন। এটি গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু। আজ নতুন ৫৯ জনকে নিয়ে মোট মৃত্যু হলো ৯ হাজার ১০৫ জনের।
আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২৬টি ল্যাবে ২৮ হাজার ১৯৮ নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২.৯৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৫৩৯ জন। মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন। সুস্থতার হার ৮৮.২১ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৫৯ জনের মধ্যে ৩৫ পুরুষ ও ২৪ নারী রয়েছেন। বয়স বিবেচনায় তাদের মধ্যে বিশোর্ধ্ব এক, ত্রিশোর্ধ্ব চার, চল্লিশোর্ধ্ব ১১, পঞ্চাশোর্ধ্ব ১৩ ও ষাটোর্ধ্ব ৩০ জন।
বিভাগ অনুযায়ী, ঢাকায় ৪০, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ২, খুলনায় ৪, বরিশালে ১, সিলেটে ৫ ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার (৩১ মার্চ) দেশে আরও ৫ হাজার ৩৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৫২ জন।
