Home দেশের খবর ঢাকা মিছিল নিয়ে গিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙল হেফাজত, পুড়ল বঙ্গবন্ধুর ছবি

মিছিল নিয়ে গিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙল হেফাজত, পুড়ল বঙ্গবন্ধুর ছবি

0
69

নজর২৪ ডেস্ক- হেফাজতের হরতালকে কেন্দ্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল কিশোরগঞ্জে। রবিবার সকালের দিকে পুলিশ বেষ্টনির মধ্যেই হেফাজতের নেতাকর্মীরা শহরের পুরান থানা এলাকায় হরাতলের সমর্থনে মিছিল ও পিকেটিং করে।

 

পরে ধীরে ধীরে তাদের অবস্থান গৌরাঙ্গবাজার পর্যন্ত বিস্তৃত করে। তখন মোটামুটি পরিস্থিতি শান্ত ছিল। তবে দুপুরের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

 

শহীদী মসজিদের সমানে থেকে হেফাজতকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় হঠাৎ লাঠিসোঁটা নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

 

এ সময় তারা কার্যালয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতার প্রতিকৃতি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। অফিসের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। তখন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

 

প্রত্যক্ষদর্শী সূত্র আরও জানায়, হরতাল চলাকালে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডের গৌরাঙ্গবাজার, শহীদি মসজিদ প্রাঙ্গণ, পুরান থানা, একরামপুর, আওয়ামী লীগ কার্যালয় ও আঠারো বাড়ি কাচারি মোড়ে দফায় দফায় আওয়ামী লীগ ও হেফাজতের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। দুপুর ১২টায় শুরু হয়ে প্রায় বেলা আড়াইটা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

 

সংঘর্ষ থামাতে পুলিশ অসংখ্য কাঁদানে গ্যাসের শেল, ফাঁকা গুলি ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে জেলা আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন, ফয়েজ ওমান ও হেফাজত নেতা কে এম নাজিমুদ্দিন, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্রসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন।

 

হরতাল চলাকালে কিশোরগঞ্জ থেকে দূরপাল্লার যান চলাচল কম ছিল। এ ছাড়া সংঘর্ষের কারণে জেলা শহরের স্টেশন রোড এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের সভাপতি ও হেফাজত নেতা মাওলানা শফিকুর রহমান জালালাবাদী বলেন, তাঁরা শান্তিপূর্ণ হরতাল পালন করতে চেয়েছিলেন। কোনো সংঘর্ষের পক্ষে ছিলেন না। এমনকি সংঘর্ষ চলাকালে তিনি শহীদি মসজিদের মাইকে বারবার হেফাজত কর্মীসহ মাদ্রাসাছাত্রদের সড়ক ছেড়ে নিজ নিজ কাজে ফিরে যেতে আহ্বান জানিয়েছেন।

 

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, হরতালের নামে জঙ্গি বাহিনী ন্যক্কারজনকভাবে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here