ব্যারিকেড, হামলা: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ

নজর২৪, ব্রাহ্মণবাড়িয়া- ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলা এলাকায় সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে হেফাজত নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

 

রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের চারটি বগিতে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা জানালার কাঁচে ঢিল দেয়।

 

সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের পরিচালকের (গার্ড) বরাত দিয়ে শোয়েব আহমেদ বলেন, ‘রেলপথে ব্যারিকেড সৃষ্টি করা হলে ট্রেনটি দক্ষিণ পৈরতলা রেলগেট এলাকায় থামে। এরপর হরতালকারীরা ট্রেনটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে তারা দৌড়ে ট্রেনটির কাছে এসে ইঞ্জিনসহ প্রতিটি বগিতে হামলা ও ভাঙচুর করে।’

 

তিনি জানান, এই পরিস্থিতিতে ট্রেনটিকে পুশব্যাক করে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে নেওয়া হয়েছে। পরিস্থিতি শান্ত হওয়া সাপেক্ষে কর্তৃপক্ষের নির্দেশে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলেও জানান তিনি।

 

শোয়েব আহমেদ আরও বলেন, ‘রেললাইনে ব্যারিকেড দেওয়ায় আপাতত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলছে। হরতালের কারণে জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের সব দোকানপাটও বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি।

 

সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে এবং বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখেছে হরতালকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *