নজর২৪, ঢাকা- বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার পথে রওয়ানা হয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতীয় প্রধানমন্ত্রী প্লেনের সিঁড়িতে দাঁড়ানো এমন একটি ছবি শেয়ার করে টুইটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। বাংলাদেশ সফরকালে তিনি আমাদের বন্ধুসুলভ প্রতিবেশীর সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে বিস্তৃত কর্মসূচিতে অংশ নেবেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেওয়া হবে লালগালিচা সংবর্ধনা।
বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর। গত বছরের মার্চ মাসে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর আসার কথা থাকলেও কভিড-১৯ মহামারির কারণে স্থগিত হয় সেই সফর। নতুন বাস্তবতায় এক বছর পর কভিড মহামারির মধ্যেই ঢাকা সফরে আসছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।
