বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে শীর্ষে রেখে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ

akm

নজর২৪, ঢাকা- স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নামের চূড়ান্ত একটি তালিকা প্রকাশ করেছ সরকার।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেন। ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নামের তালিকাও একই সঙ্গে প্রকাশ করা হয়।

 

বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় শীর্ষে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নাম।

 

মুক্তিযোদ্ধাদের এই তালিকায় বরিশালের ১২ হাজার ৫৬৩, চট্টগ্রামের ৩০ হাজার ৫৩, ঢাকার ৩৭ হাজার ৪৮৭, ময়মনসিংহের ১০ হাজার ৫৮৮, খুলনার ১৭ হাজার ৬৩০, রাজশাহীর ১৩ হাজার ৮৮৯, রংপুরের ১৫ হাজার ১৫৮ এবং সিলেটের ১০ হাজার ২৬৪ জনের নাম রাখা হয়েছে।

 

মন্ত্রী বলেন, ‘প্রায় ৩৫ হাজার বেসামরিক গেজেট জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের অনুমোদন না থাকায় এ তালিকার বাইরে রাখা হয়েছে।’

 

তিনি বলেন, ‘এরইমধ্যে এসব গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে আমরা ৪৩৪টি উপজেলার প্রতিবেদন পেয়েছি। সেগুলো যাচাই-বাছাই এবং আপিল শুনানি শেষে আগামী ৩০ জুনের (২০২১) মধ্যে যাচাই-বাছাই শেষে বীর মুক্তিযোদ্ধাদের নাম চূড়ান্ত তালিকায় প্রকাশ পাবে।’

 

মন্ত্রী বলেন, ‘এই তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার নাম রয়েছে। জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের নামও তালিকায় রয়েছে। তবে এই দুই জনের নামের সঙ্গে তাদের পরবর্তী কর্মকাণ্ডের বিষয়েও লিপিবদ্ধ থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *