Home অন্যান্য টিএসসি থেকে মোদির কুশপুতুল কেড়ে নিলো ছাত্রলীগ

টিএসসি থেকে মোদির কুশপুতুল কেড়ে নিলো ছাত্রলীগ

0
69

নজর২৪, ঢাকা- পোড়ানোর জন্য তৈরি করা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা শেষ পর্যন্ত পোড়াতে পারেনি ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা। তার আগেই ছাত্রলীগের প্রায় অর্ধশত নেতাকর্মী তাদের কাছ থেকে কুশপুত্তলিকাটি ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার কথা রয়েছে। তার আগমনের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে তার কুশপুত্তলিকা পোড়ানোর কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

 

পূর্বঘোষণা অনুযায়ী বেলা সাড়ে এগারোটা নাগাদ কুশপুত্তলিকা নিয়ে টিএসসি চত্বরে জড়ো হয় ফেডারেশনের নেতাকর্মীরা। এ সময় রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেওয়া ছাত্রলীগের ত্রিশ-চল্লিশ জনের একটি দল এসে ফেডারেশন নেতাকর্মীদের কাছ মোদির কুশপুত্তুলিকা কেড়ে নেয়। এ সময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।

 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘আমাদের পূর্বঘোষিত কর্মসূচি সাম্প্রদায়িক নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটি কুশপুতুল পোড়ানোর কর্মসূচি দেই। সে লক্ষ্যে আমরা একটি কুশপুতুল তৈরি করে টিএসসি গেটে রাখি। তখন রাজু ভাস্কর্য থেকে ছাত্রলীগের ৩০-৪০জন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এর মাধ্যমে ছাত্রলীগ ভারতে নরেন্দ্র মোদির করা সকল অপকর্মের সমর্থন দিয়েছে।’

 

তিনি আরও বলেন, ‘তারা আমাদের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা প্রদান করেছে। যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে তীব্র সাংঘর্ষিক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here