নজর২৪, সুনামগঞ্জ- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বলায় মামলাটি দায়ের করেন যুক্তরাজ্য প্রবাসী মঈনুল ইসলাম (৪৭)।
সোমবার (২২ মার্চ) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আদালতে ওই মামলাটি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী আক্তারুজ্জামান সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। উভয় দেশেই তাঁর ব্যবসা আছে। তিনি ব্যক্তিগত প্রয়োজনে গত বছরের ১৮ নভেম্বর বাংলাদেশে আসেন। ১৯ ডিসেম্বর দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের হাসন রাজা জাদুঘর পরিদর্শনে যান। সেখানে তিনি এক বন্ধুর জন্য অপেক্ষা করার সময় মোবাইল ইউটিউবের একটি চ্যানেলে ২০২০ সালের ১৬ ডিসেম্বর আপলোড করা জুম মিটিংয়ের একটি ভিডিও দেখতে পান। এতে তারেক রহমান তাঁর বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক দাবি করে বক্তব্য দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী আখতারুজ্জামান সেলিম বলেন, বাদী ডিজিটাল মাধ্যমে তারেক রহমানের এই বক্তব্য দেখে ও শুনে ক্ষুব্ধ হয়ে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে সদর মডেল থানা–পুলিশকে নির্দেশ দিয়েছেন।
