নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।
করোনাভাইরাস নিয়ে রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।
আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ এবং ২১হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪৪ লাখ ৯ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫১শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।
এর আগে শনিবার (২০ মার্চ) দেশে আরও ১ হাজার ৮৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৬ জন।
