নজর২৪, ঢাকা- দেশে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। দীর্ঘ হচ্ছে শনাক্ত এবং মৃত্যুর মিছিল। গত একদিনে করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৭১ জনে।
এছাড়া একই সময়ে নতুন করে ১ হাজার ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।
সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪২২টি, অ্যান্টিজেন টেস্ট সহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৬৯৫টি। এখন পর্যন্ত ৪২ লাখ ৮৩ হাজার ২৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৩২ জন, এখন পর্যন্ত সুস্থ ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৯ দশমিক ৪৮ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ০৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯১ দশমিক ৭৭ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ জন পুরুষ এবং নারী ৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৬ হাজার ৪৮৪ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৮৭ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ষাটোর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ২৩ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন এবং বরিশালে ১ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৬ জন।
এর আগে রোববার (১৪ মার্চ) দেশে আরও ১ হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।
