নজর২৪, ঢাকা- করোনা প্রতিষেধক টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা-১৯ সাভারের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরসহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির সভাপতি।
শনিবার (১৪ মার্চ) নিজের ফেসবুকের ভেরিফায়েড আইডিতে তিনি করোনাভাইরাস আক্রান্তের কথা লিখে স্ট্যাটাস দেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
বিএনপির এই নেতা ফেব্রুয়ারিতে করোনার টিকা নিয়েছিলেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব (পিএস) ও ঢাকা জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক শরিফুল আলম।
তিনি বলেন, ‘আমার টাইমটা মনে নাই। তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে উনি টিকা নিয়েছেন, এটা নিশ্চিত। আমি যত দূর জানি ১০-১৫ ফেব্রুয়ারির মধ্যে টিকাটা নিয়েছেন। রাজধানীর পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) হাসপাতাল থেকে টিকা নিয়েছিলেন।’
শরিফুল আলম জানান, বুধবার থেকে সালাউদ্দিন বাবু ঠান্ডা, জ্বর ও কাশি অনুভব করছিলেন। বৃহস্পতিবার তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে করোনা টেস্ট করান। পরদিন দেয়া প্রতিবেদনে তার করোনা পজিটিভ আসে।
তিনি আরও জানান, বিএনপির সাবেক এ সাংসদ এখন পর্যন্ত সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে তিনি রাজধানীর বাসায় আইসোলেশনে রয়েছেন।
