Home প্রধান খবর মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: ভিপি নুর

মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না: ভিপি নুর

0
142

নজর২৪, ঢাকা- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে এনে দেশের মুক্তিযুদ্ধের সঙ্গে তামাশা করবেন না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর।

 

তিনি বলেন, নরেন্দ্র মোদিকে কসাই নামে আখ্যায়িত করা হয়, কোনো দেশ তাকে সমর্থন করে না। তাকে শুধু বাংলাদেশের সরকার গুরুত্ব দেয়।

 

শুক্রবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

সমাবেশের পর প্রেসক্লাব থেকে শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি।

 

ভিপি নুর বলেন, ভারতের যে কেউ আসুক, আমরা স্বাগত জানাব। কিন্তু মোদিকে এনে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় আঘাত করতে দেব না। মোদি শেখ হাসিনার বন্ধু, বাংলাদেশের নয়। শেখ হাসিনা ছাড়া কেউ তার গোলামি করে না।

 

বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নুর বলেন, দেশে গণতন্ত্র নেই। বিনাভোটে ফ্যাসিবাদী সরকার শাষণ করছে। এই জিম্মিদশা থেকে মুক্তির জন্য আপনাদের সংগ্রাম করতে হবে। এ সরকারের পতনের আন্দোলন করতে হবে।

 

বাংলাদেশ যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ আতা বলেন, এ প্রতিবাদ মোদির আগমনের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। যতদিন আগ্রাসন বন্ধ না হবে, ততদিন প্রতিবাদ চলবে। আর মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। মোদি দেশে আসলে আমরা কঠোর কর্মসূচি দেব।

 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। সেখানে তারা নরেন্দ্র মোদির আগমন ঠেকাতে তীব্র আন্দোলনের ঘোষণাও দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here