নজর২৪ ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা মিজানুর রহমান মিনু এবং ঐতিহাসিক ৭ মার্চের ইতিহাস বিকৃতিকারী মির্জা ফখরুল গংদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
মঙ্গলবার (০৯ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর কুশপুত্তলিকা দাহ করেছে সংগঠনের নেতারা।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম, সদস্য কামরুল হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সবসময় আপোষহীন। গত মঙ্গলবার (২ মার্চ) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে করে বলেছেন, ‘আজ রাত, কাল আর সকাল নাও হতে পারে। ৭৫ মনে নাই?’ সেই সমাবেশে মিনু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কটাক্ষ করে বক্তব্য দেন।
এর আগে ২০১৯ সালের ১২ অক্টোবর রাজশাহী মহানগর বিএনপির এক বিক্ষোভ সমাবেশে মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করে কটূক্তিমূলক বক্তব্য রাখেন। এরপর বিক্ষোভের মুখে ফেসবুক লাইভে এসে দুঃখপ্রকাশ করেছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিনু। সম্প্রতি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ এবং আরেকটি ১৫ আগস্টের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
অবিলম্বে মিজানুর রহমান মিনুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। মিজানুর রহমান মিনু বারবার অপরাধ করে বারবার ক্ষমা চাওয়া জাতির সাথে তামাশা করা বলে আমরা মনে করি। পুরো বিএনপি দলটি এখন তামাশায় পরিণত হয়েছে। এধরনের কটূক্তির মাধ্যমে মিজানুর রহমান মিনু দেশের প্রচলিত আইন ও সংবিধান লঙ্ঘন করেছেন।
প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য মিজানুর রহমান মিনুকে দ্রুত গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়াও সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গংরা ঐতিহাসিক ৭ মার্চের স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃতি করে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে অবৈধ সামরিক শাসক খুনি জিয়াকে স্বাধীনতার ঘোষক বানানোর খেলায় মেতে উঠেছে বিএনপি।
