এইচ টি ইমাম মারা গেছেন

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম আর নেই।

 

বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চি‌কিৎসাধীন অবস্থায় ইন্তেকাল ক‌রে‌ন তিনি। ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলাই‌হি রা‌জিউন।

 

কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে দুই সপ্তাহ আগে থেকে তিনি সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর।

 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

 

এইচ টি ইমামের পুরো নাম হোসেন তৌফিক ইমাম। তিনি ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পাকিস্তান সিভিল সার্ভিসের চাকরি ছেড়ে দেন। পরে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন।

 

২০১৪ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। এইচ টি ইমাম ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

২০০৯ সালে তাকে মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা নিয়োগ করেন শেখ হাসিনা।

 

এইচ টি ইমামের জন্ম ১৯৩৯ সালের ১৫ জানুয়ারি, টাঙ্গাইল শহরে। তিনি পাবনা এডওয়ার্ড কলেজ থেকে ১৯৫৪ সালে এইচএসসি পাস করেন।

 

১৯৫৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬১ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করে সরকারি চাকরিতে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *