যারা পুলিশের সমালোচনা করে তাদের মুখে ছাই পড়ুক: আইজিপি

নজর২৪, ঢাকা- পুলিশ কখনই কারও পক্ষ নেয় না, তবু কিছু মানুষ পুলিশকে প্রতিপক্ষ ভেবে থাকে বলে মন্তব্য করেছেন আইজিপি বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘পুলিশকে কেন প্রতিপক্ষ বানানো হয়? এই প্রশ্ন বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের প্রতি। যারা দেশের ও পুলিশের সমালোচনা করে তাদের মুখে ছাই পড়ুক।’

 

সোমবার (১ মার্চ) সকালে মিরপুর ১৪ নম্বর স্টাফ কলেজ অডিটোরিয়ামে পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদল ও পুলিশের সংঘর্ষের প্রসঙ্গ টেনে পুলিশ প্রধান বলেন, ‘একটা ধারা আছে বাংলাদেশে, সমালোচনা করা। প্রেস ক্লাবে যে পুলিশ সদস্যদের ওপর হামলা হল তার কোনো সমালোচনা হল না, কেন হল না? পুলিশতো কারও পক্ষে নয়, তাহলে পুলিশকে প্রতিপক্ষ কেন বানানো হয়? ’

 

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমদের মৃত্যুতে প্রেস ক্লাবের সামনে রোববার প্রতিবাদ সমাবেশ ডেকেছিল ছাত্রদল। তবে সমাবেশ শুরুর ২০ মিনিটের মধ্যেই শুরু হয় পুলিশের সঙ্গে সংঘর্ষ।

 

এক পর্যায়ে ছাত্রদল কর্মীরা প্রেস ক্লাবের ভেতরে আশ্রয় নিলে পুলিশ সেখানে ঢুকে লাঠিপেটা করে। প্রেস ক্লাব অঙ্গন লক্ষ্য করে পুলিশকে টিয়ার সেল ছুড়তেও দেখা গেছে। সংঘর্ষের সময় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীসহ আহত হন একাধিক সংবাদকর্মী।

 

আইজিপি বলেন, ‘ছোট একটি দলের মানুষ আছে যাদের দেশের অগ্রগতি, উন্নয়নের দিকে কোন আগ্রহ নাই। কোনো অর্জনে তাদের কিছু আসে যায়না। এই ছোট দলটি ভিন্ন দেশের ভিন্ন চেতনার। তবু তারা নিজেদের আমাদের দেশের নাগরিক হিসেবে দাবি করে। এই ছোট দলটি বারবার পুলিশের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।’

 

দেশের মানুষের সেবক হয়ে পুলিশ কাজ করে যাচ্ছে উল্লেখ করে বাহিনীটির প্রধান বলেন, ‘বাংলাদেশের পুলিশ জনগণের জন্য কাজ করে তাদের হৃদয়ে স্থান অর্জন করেছে। দেশের মানুষের সেবক হয়ে কাজ করে বিধায় জনগণ আর পুলিশের মধ্যে ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছে।’

 

আইজিপি বলেন, ‘এই করোনাকালেও পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৮৫ জন সদস্যকে আমরা হারিয়েছি। সেই সঙ্গে করোনাকালে প্রায় ২১ হাজার সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন এবং আবার সুস্থ হয়ে দায়িত্ব পালন করছেন।’

 

তিনি আরও বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ সম্মুখ সাড়িতে থেকে দায়িত্ব পালন করে। বাংলাদেশ পুলিশ তাদের দক্ষতা ও দৃঢ়তার যে সাক্ষ্য দিয়েছে তা দিয়ে তারা জনগণের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সক্ষম হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *