জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

নজর২৪ ডেস্ক- জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী দীপু মনির ঘোষণার পরই তার সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর- রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান), স্নাতক (পাস), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা চলছিল।

 

এর আগে বেলা সোয়া দুইটায় অনলাইন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পবিত্র ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আবারও শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলবে। তবে হলের ওঠার আগেই আবাসিক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিতে হবে। আর খোলার আগে কোনো পরীক্ষা হবে না। যেসব বিশ্ববিদ্যালয় পরীক্ষা ও হল খোলার ঘোষণা দিয়েছিল সেই সিদ্ধান্তও বাতিল হবে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

 

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যেই আজ সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা নিয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *