১৭ মে হল, ২৪ মে খুলবে বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী

নজর২৪, ঢাকা- দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবাসিক হল ঈদ-উল-ফিতরের পর আগামী ১৭ মে থেকে খুলবে। সেই সঙ্গে আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে।

 

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 

করোনা মহামারি মোকাবেলায় এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে বলে জানান মন্ত্রী।

 

এদিকে আজ জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যায়ের যেসব শিক্ষার্থী প্রশাসনের আদেশ অমান্য করে হলে প্রবেশ করেছেন তাদের হল ত্যাগের আহ্বান জানান দীপুমনি। তিনি সতর্ক করে বলেন, ‘তাদেরকে হলত্যাগ করতে হবে। কেউ আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

 

জরুরি সংবাদ সম্মেলনে তিনি বিসিএস পরীক্ষা ও আবেদনের তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে পিছিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

 

উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।

 

করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে। এরমধ্যে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ও হল খোলার তারিখ জানিয়ে দিলো সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *