উত্তাল জাবি, তালা ভেঙে হলে ঢুকছে শিক্ষার্থীরা

নজর২৪, ঢাকা- তিন দফা দাবিতে আন্দোলনে উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি)। আজ শনিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের দুই দফা দাবি মেনে নিলেও হল খোলার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। হলের তালা ভাঙছেন শিক্ষার্থীরা।

 

আজ শনিবার দুপুর সোয়া ১২টায় শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনের অবস্থান কর্মসূচি থেকে মিছিল নিয়ে যাঁর যাঁর হলের উদ্দেশে রওনা দেন।

 

এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, ‘হল খোলার সিদ্ধান্ত আমাদের এখতিয়ারে নেই, এই সিদ্ধান্ত সরকারের। সরকার বললেই হল খুলে দেওয়া হবে।’

 

শিক্ষার্থীরা এরই মধ্যে আল বেরুনী হল, প্রীতিলতা হল, ফজিলাতুন্নেসা হল, বেগম খালেদা জিয়া হল, শেখ হাসিনা হল, নওয়াব ফয়জুন্নেছা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে ফেলেছেন।

 

শনিবার দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন হলে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে।a

 

বিক্ষুব্ধ শিক্ষার্থী রিয়াজুল ইসলাম রিহান বলেন, গতকালের হামলার ঘটনার পর আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছি। হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করার কথা বলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে রাষ্ট্রীয় নির্দেশ ছাড়া হল খুলে দেওয়া সম্ভব নয়। ফলে শিক্ষার্থীরা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে।

 

শুক্রবার সন্ধ্যায় মসজিদের মাইকে গ্রামে ডাকাত পড়ার গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ক্যাম্পাস সংলগ্ন গ্রাম গেরুয়ার একদল স্থানীয় লোক। এতে আহত হয় অন্তত ৩০ জন, তাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। রাত ১০টা পর্যন্ত থেমে থেমে চলে সংঘর্ষ।

 

শিক্ষার্থীরা বলছে, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ হামলা ও সংঘর্ষ হয়েছে।

 

হামলার পর গ্রামটি ছাড়তে হয়েছে শিক্ষার্থীদের। অন্য এলাকায় পরিচিতদের বাসায় রাত যাপন করতে হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *