টিকা নিলেন বিএনপির ফারুক, বললেন সবার নেয়া উচিত

নজর২৪, ঢাকা- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক কোভিড-১৯ করোনাভাইরাসের টিকা নিয়েছেন।

 

আজ শনিবার সকাল সাড়ে ৮টা ৪২ মিনিটের দিকে তিনি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন তিনি। এসময় তার স্ত্রী কানিজ ফাতেমাও করোনাভাইরাসের টিকা গ্রহণ করেন।

 

পরে জয়নুল আবেদিন ফারুক সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। সবাইকে টিকা নিতে আহ্বানও জানান তিনি। ফারুক আরও বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যেকোনো টিকাই সবারই গ্রহণ করা উচিত।

 

বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধী বিভিন্ন ব্র্যান্ডের টিকার প্রয়োগ চলছে। এসব টিকার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ফাইজার, মডার্না, রাশিয়ার স্পুতনিক ও চীনের সিনোভ্যাক। তবে বাংলাদেশে প্রয়োগ চলছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড টিকা।

 

কোভিশিল্ডের ৩ কোটি ডোজ টিকা কিনেছে সরকার। এর মধ্যে হাতে এসেছে ৫০ লাখ ডোজ। এ ছাড়া, এই টিকার ২০ লাখ ডোজ উপঢৌকন হিসেবে পাঠিয়েছে নরেন্দ্র মোদির সরকার।

 

মোট ৭০ লাখ ডোজ হাতে নিয়ে ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এই টিকার গণপ্রয়োগ শুরু হয়েছে। টিকার প্রতি মানুষের আগ্রহও বাড়ছে ক্রমাগত। বৃহস্পতিবার পর্যন্ত ১৬ কোটি জনসংখ্যার বাংলাদেশে টিকা দেয়া হয়ে গেছে সাড়ে ১৮ লাখের বেশি। শতকরা হিসাবে তা মোট জনসংখ্যার ১.১৫ শতাংশের মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *