নজর২৪ ডেস্ক- নোয়াখালীর কোম্পানীগঞ্জে মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর ফেসবুক লাইভে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মেয়র আবদুল কাদের মির্জা।
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আজ পুলিশের সহযোগীতায় একরামুল করিম চৌধুরীর সন্ত্রাসী বাহিনী, নিজাম হাজারীর সন্ত্রাসী বাহিনী আমার চাপরাশিরহাটের চরফকিরার মানুষের ওপর গুলিবর্ষণ করেছে। পুলিশের সামনে থেকে আমার লোকদের ওপর গুলি করেছে। অনেকে আহত হয়েছে। অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই এলাকার কি অভিভাবক নাই? আজকে যদি একটা মায়ের বুক খালি হয়, এটার জন্য ওবায়দুল কাদের, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহাব উদ্দিন এবং প্রশাসনকে দায়ী থাকতে হবে।’
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজের ফেইবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘নোয়াখালীর এসপি, ডিসি এদের সহযোগীতায় আজকে একরাম চৌধুরী তার বাড়িতে মিটিং করে এখানে গুন্ডা এবং সন্ত্রাসী-অস্ত্রধারী পাঠিয়েছে। আমিও আছি। প্রয়োজনে মৃত্যুবরণ করব, এখান থেকে যাব না।’
কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের আপনাকে জবাব দিতে হবে। যদি আমার এলাকার একটা লোকের মৃত্যু হয়, সাহাব উদ্দিন আপনাকেও জবাব দিতে হবে। প্রশাসনকে জবাব দিতে হবে। আজকে কেন অস্ত্রের ঝনঝনানি?’
এর আগে, আজ বিকেলে চাপরাশিরহাট বাজারে কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল অনুসারী আওয়ামী লীগের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ৫০-৬০ জন নেতাকর্মী আহত হয়। আহতদেরকে নিজের অনুসারী বলে দাবি করেন এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগ তোলেন কাদের মির্জা।
