নজর২৪, ঠাকুরগাঁও- পৌরসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটে ঠাকুরগাঁওয়ের মেয়র হয়েছেন বাংলাদেশ মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক আঞ্জুমান আরা বেগম বন্যা।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনার পর সন্ধ্যায় বেসরকারিভাবে এই ফল ঘোষনা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিলহাজ উদ্দীন।
তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা পেয়েছেন ২৬ হাজার ৫০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরিফুল ইসলাম শরিফ পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনোয়ার হোসেন পেয়েছেন এক হাজার ৬৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা বলেন, ঠাকুরগাঁও পৌরসভার ১২টি ওয়ার্ডে ২১টি কেন্দ্রে ইভিএম মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বিজিবি, পুলিশ, ভ্রাম্যমাণ আদালতসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সহায়তা করেছে।
আঞ্জুমান আরা বেগম বন্যা দৈনিক আমাদের সময় পত্রিকার জন্মলগ্ন থেকে জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছু দিন আইন পেশায় যুক্ত ছিলেন তিনি। বন্যার সাফল্যে স্থানীয় সংবাদকর্মী ও আইনজীবীরা গর্ববোধ করছেন।
সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।
