গ্রাম পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নজর২৪, ঢাকা- টিকা নিয়ে আর কোনো সমস্যা নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন সবাই খুব আগ্রহ ভরে, উৎসাহ নিয়ে চলে আসছে টিকা দিতে।

 

তিনি বলেন, টিকা নেওয়ার ব্যাপারে অনেকের একটু দ্বিধা দ্বন্দ্ব ছিল, তবে সাহসী ভূমিকা রেখেছে আমাদের কুমুদিনী হাসপাতালের নার্স। এখন আর আমাদের কোন সমস্যা নাই, এখন সবাই খুব আগ্রহ দেখাচ্ছে, উৎসাহে চলে আসছে টিকা নিতে। আমরা তিন কোটি ডোজ টিকা কিনে রেখেছি। তাছাড়া ভারত ২০ লাখ ডোজ দিয়েছে, এছাড়া অন্যান্য দেশও দিতে চাচ্ছে আমরা সবগুলো নেব, কারণ আমরা চাচ্ছি একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত টিকা দিতে।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুমুদিনি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস এন্ড ক্যান্সার রিসার্চ এর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

সরকারের কার্যকরি বিভিন্ন উদ্যোগের ফলে করোনাভাইরাস অনেকটাই এখন নিয়ন্ত্রণে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন দেয়া স্বত্বেও কিন্তু আমাদের স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে।’

 

‘মাস্কও পরে থাকতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। ভ্যাকসিন আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু স্বাস্থ্য সুরক্ষাটাও কিন্তু তাদের মেনে চলতে হবে। তাহলে আমরা আশা করি, আমাদের দেশ থেকে এ প্রাদুর্ভাবটা চলে যাবে।’

 

দেশের প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করতে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশের মানুষের কল্যাণ করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে, প্রতিটি মানুষ যেন চিকিৎসা সেবা পায়, চেষ্টা করছি।

 

‘বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে আর্থ সামাজিক উন্নয়ণের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন সময় থেকেই ষড়যন্ত্র শুরু হয়। চিকিৎসা সেবা জনগণেরর দোরগোড়ায় পৌঁছে দেয়াই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *