নজর২৪, ঢাকা- ফিলিস্তিনের হেবরন শহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন বলে এক বার্তায় জানিয়েছেন মোমেন।
তিনি বলেন, ‘বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী হেবরন শহরে একটি সড়কের নামকরণ করা হয়েছে বলে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন।’
ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাংশে অবস্থিত হেবরন শহর।
বাংলাদেশসহ জাতিসংঘের ১৩৮ দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে। যদিও পশ্চিমা বিশ্বের অনেক দেশের স্বীকৃতিই এখন্ও পায়নি ফিলিস্তিন।
ইসরাইল প্রতিষ্ঠার সময় মূল ভূখণ্ড দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তবে ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বরং তাদের পূর্ণ স্বাধীনতার স্বপ্ন দিনে দিনে ধূসর হচ্ছে।
