নজর২৪, ঢাকা- বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চাইলেন বিএনপি’র শীর্ষ নেতারা। দলীয় চেয়ারপার্সনের নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে আয়োজিত সমাবেশে তারা বলেন, আমরা এতটাই দুর্ভাগা, এতটাই ব্যর্থ যে দলীয় প্রধানকে কারামুক্ত করার ব্যবস্থা করতে পারিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দলীয় প্রধানের কারাবন্দিত্বের ৩ বছর হওয়ায় সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। কর্মী-সমর্থকের পাশাপাশি যোগ দেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজন নেতা।
সমাবেশে বেগম জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতারা। দাবি আদায়ে জোরালো আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারা।
এসময় খালেদা জিয়া ও তারেক রহমানের কাছে ক্ষমা চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকের এ দিনে অন্যায়ভাবে দেশনেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। আমরা এতই দুর্ভাগা, এতই ব্যর্থ, তাদের মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারিনি।
‘তাই বলে সারা জীবন খালেদা জিয়া কারাবন্দি থাকবেন, এটা সত্যি নয়। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে, আমাদের বন্ধন ধীরে ধীরে বৃদ্ধি পাবে। খালেদা জিয়া মুক্তি পাবেন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরে আসবেন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘খালেদা জিয়াকে দুই কোটি টাকা আত্মসাতের মামলা দেয়া হয়েছে। আত্মসাৎ করার ঘটনা প্রমাণ করতে পারে নাই। দুই কোটি টাকার জন্য খালেদা জিয়ার যদি সাজা হয়, দুই কোটি টাকা তো আট কোটি টাকা হয়ে গেছে, তার জন্য খালেদা জিয়ার পুরস্কার কী হবে, জানতে চাই।’
তিনি বলেন, ‘যখন খালেদা জিয়া কারাবন্দি ছিলেন, তখন আমরাও কারাবন্দি ছিলাম। সে সময় তারেক রহমানও জেলে ছিলেন। সুস্থ তারেক রহমানকে জেলে নিয়ে যাওয়া হলো, অসুস্থ তারেক রহমান ফেরত আসলেন।’
কারাবন্দি সময়ের কথা স্মরণ করে আব্বাস বলেন, ‘সে সময় আমার সঙ্গে কারাগারে এক কক্ষে ছিলেন আমান, গয়েশ্বর চন্দ্র রায়। বন্দি অবস্থায় আমাদের সঙ্গে আরও ছিলেন ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ, শেখ সেলিমের মতো আওয়ামী লীগের বড় বড় নেতারা। সবাই বিভিন্ন মামলায় গ্রেপ্তার ছিলেন। ওবায়দুল কাদের সাহেব এখন লম্বা লম্বা কথা বলেন।
এখন দেখা যাচ্ছে সেই মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগের যারা ছিলেন তাদের বিরুদ্ধে একটি মামলাও নাই। খালেদা জিয়া, তারেক রহমানসহ সবার মামলা চলমান আছে।
