আল জাজিরার বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ সরকার

নজর২৪ ডেস্ক- আল জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৬ ফেব্রুয়ারি) আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

 

ড. এ কে আব্দুল মোমেন বলেন, আল জাজিরা যে প্রতিবেদন প্রকাশ করেছে, জনগণ বুঝেছে যে, এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখবো। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরবো। উই উইল স্যু (আমরা মামলা করবো)। আমরা সেটার জন্য কাজ করছি।

 

তিনি বলেন, আল জাজিরা এই প্রতিবেদন প্রকাশ করে তাদের ক্রেডিবিলিটি হারিয়েছে।

 

আল জাজিরার প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ অভিযোগ খতিয়ে দেখতে বলেছে—এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতিসংঘে একজন বাঙালি ভদ্রলোক নিয়মিত প্রশ্ন করেন, সেখানে তিনি আল জাজিরার প্রতিবেদনের বিষয়টি তুলে ধরেছেন। সেই প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, অভিযোগ খতিয়ে দেখা হোক। আমরাও মনে করি অভিযোগ খতিয়ে দেখা হোক। এতে আমাদের কোনো আপত্তি নেই।

 

তিনি বলেন, ‘এই যে আলজাজিরায় যেটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়। ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতাকর্মী।’

 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী তার চারপাশে উপস্থিত লোকজনকে ইঙ্গিত করে বলেন, ‘এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি।’

 

‘কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার (শেখ হাসিনার) বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আলজাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে’ যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *