সরগরম হচ্ছে রাজনীতির মাঠ!, এবার পাল্টা কর্মসূচি দিলো আওয়ামী লীগ

নজর২৪, ঢাকা- বিএনপি ঘোষিত ছয় বিভাগে সমাবেশের পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সমাবেশ ও গণসংযোগের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দলটি। পাল্টাপাল্টি এ কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে রাজনীতির মাঠ আবারও সরগরম হওয়ার আভাস দেখা দিয়েছে।

 

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক অনলাইন সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন।

 

কাদের জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দেশব্যাপী সমাবেশ ও গণসংযোগের কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলের সব শাখা ১৫ ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচি শুরু করবে। দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা স্ব স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন।

 

বিএনপি ঘোষিত কর্মসূচির কঠোর সমালোচনা করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির এ সমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র। রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

 

ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বা ইস্যু নেই যে, বিএনপিকে আন্দোলন করতে হবে। যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচিকে আওয়ামী লীগ স্বাগত জানায়। কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে।

 

তিনি বলেন, বিএনপি দেশ ও জাতির কল্যাণ ভুলে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে। তারা কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। বিএনপি একদিকে অপপ্রচারে অর্থ বিনিয়োগ করছে, অন্যদিকে ধোয়া তুলসি পাতা সেজে ব্যাখ্যা দাবি করছে।

 

অপরাজনীতি পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার জন্য বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জনকল্যাণের রাজনীতি করুন।

 

আল জাজিরা টেলিভিশনে প্রচারিত ‌‘অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আল জাজিরার মিথ্যা অপপ্রচারে এ দেশের জনগণ বিভ্রান্ত হবে না। অপপ্রচারের বিপরীতে জনগণ শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন।

 

এর আগে ‘ভোট ডাকাতি’র অভিযোগে ও দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে দেশের ৬টি মহানগরে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

 

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবর রহমান সরওয়ার বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।

 

মজিবর রহমান সরওয়ার বলেন, আগামী ১৩ ফেব্রয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রয়ারি বরিশালে, ২৭ ফেব্রয়ারি খুলনায়, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা দক্ষিণ ও ৪ মার্চ ঢাকা উত্তর সিটিতে ঘোষিত এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *