মিয়ানমারে গণতন্ত্র সমুন্নত রাখার আহ্বান বাংলাদেশের

নজর২৪ ডেস্ক- প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমারে শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ মনে করে যে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বেচ্ছায়, নিরাপদে এবং সম্মানের সঙ্গে প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে।

 

মিয়ানমারের সেনাবাহিনী দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং সিনিয়র রাজনীতিবিদদের আটকের ঘোষণার পর সোমবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করে।

 

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কঠোরভাবে গণতান্ত্রিক নীতি দৃঢ়ভাবে মেনে চলে। বাংলাদেশ বিশ্বাস করে যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংবিধান মেনে মিয়ানমার এগিয়ে যাবে। প্রতিবেশি এবং বন্ধু রাষ্ট্র মিয়ানমারে শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশ। উভয়ের উন্নয়নের স্বার্থে স্বেচ্ছায়, নিরাপদে এবং সম্মানের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া অব্যাহত রাখতে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে কাজ করে যাবে।

 

নির্বাচনের ফলাফল নিয়ে মিয়ানমারে বেসামরিক সরকার এবং প্রভাবশালী সামরিক বাহিনীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব ও উত্তেজনার পর সোমবার ভোরে দেশটির নেত্রী অং সান সু চি এবং তার দল এনএলডির জ্যেষ্ঠ নেতাদের আটক করে মিয়ানমারের সেনাবাহিনী।

 

পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *