আ.লীগের সঙ্গে নয়, চট্রগ্রামে নির্বাচন হয়েছে পুলিশের সঙ্গে: ডা. শাহাদাত

নজর২৪, চট্টগ্রাম: ‘নির্বাচনের পরিস্থিতি দেখে মনে হচ্ছে ভোট আওয়ামী লীগের সঙ্গে নয়, পুলিশ প্রশাসনের সঙ্গে হয়েছে। ’

 

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নির্বাচনের রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিতে এসে সাংবাদিকদের একথা বলেন বিএনপি মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

 

তিনি অভিযোগ করেন, পুলিশের উৎসাহী কর্মকর্তারা কীভাবে নির্বাচন করে আওয়ামী লীগকে জিতিয়ে দেবে এ চিন্তাই যেন তাদের মধ্যে কাজ করেছে। আমাদের এজেন্টদের যখন বের করে দিচ্ছিল তখন পুলিশ প্রশাসনের লোকজন কোনো কথাই বলেনি। তারা বলেছে আমরা কিছুই করতে পারব না।

 

এ সময় তিনি বলেন, ‘আমি শেষ পর্যন্ত আছি। কীভাবে তারা ভোট ডাকাতি করেছে তা সারা বিশ্বকে দেখাতে চাই আমরা।’ যদি ভোটের পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর থাকত তাহলে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন বলে জানান তিনি।

 

এর আগে সকালে বিএনপির মেয়র প্রার্থী নগরের পশ্চিম বাকলিয়া ১৭ নম্বর ওয়ার্ডের বিএড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় ডা. শাহাদাত হোসেন বলেন, প্রত্যেক কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচনের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসন কোনো সাহায্য সহযোগিতা করছে না।

 

তিনি বলেন, বিএড কলেজ কেন্দ্রে নারী এজেন্টদের মা-র- ধর করা হয়েছে। তাদের কেন্দ্রে ঢুকতেও দেওয়া হয়নি। এতো অনিয়ম, তা আপনারা দেখছেন।

 

আরেকটি ভোট ডাকাতির ইতিহাস সৃষ্টি হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘প্রশাসন দেখেও না দেখার ভান করছে। নির্বাচন এখন নির্যাতন এবং প্রহসনে পরিণত হয়েছে। আমাকে বলে দিলেই হতো আপনার ভোট করার দরকার নাই। তাহলে আমি সরে যেতাম। এই তামাশা করার দরকার ছিল না।’

 

দেশের মানুষ এই প্রহসন আর বেশিদিন মানবে না আশা প্রকাশ করে বিএনপি প্রার্থী বলেন, ‘যে দেশের মানুষ ৯ মাসে দেশ স্বাধীন করেছে, তারা এই প্রহসন আর বেশি দিন মানবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *