নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির জন্য নোয়াখালীবাসীর কাছে ক্ষমা চেয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। সোমবার (২৫ জানুয়ারি) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ ক্ষমা চান তিনি।
একরামুল করিম চৌধুরী বলেন, আমি আমার নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। টেলিভিশনের মাধ্যমে পুরো নোয়াখালীবাসীর কাছে আমি ক্ষমা চাইছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একরামুল করিম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন।
সেখানে তিনি বলেন, আমি ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলব। মির্জা কাদেরের বিরুদ্ধে নয়। একটা রাজাকার পরিবার থেকে এসে তিনি (ওবায়দুল) নিজের ভাইকে শাসন করতে পারেন না। একরামুল করিম বলেন, আগামী কয়েক দিনের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি না এলে আমি আরও কথা বলব।
২৭ সেকেন্ডের ভিডিওটি কিছুক্ষণ পর সরিয়ে নিলেও রাতেই সেটা ভাইরাল হয়ে যায়।
এসব প্রসঙ্গ কেন তুলছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে একরামুল করিম চৌধুরী এমপি বলেন, ‘মির্জা কাদের এক মাস থেকে প্রতিনিয়ত এমপিদের অপমান করে যাচ্ছেন। তার ভাই ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা। তিনি কোনো বিচার করছেন না। আমি একটু বলে দেখলাম। এ কথা বলায় আমাকে দল থেকে বহিষ্কার করা হলে কোনো সমস্যা নেই। এর পরও বলব দলটা সুসংহত থাকুক।’
আক্ষেপ করে তিনি বলেন, এত নিম্নপর্যায়ের একজন নেতা দলের জাতীয় পর্যায়ের বড় নেতাদের সম্পর্কে যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। এটা আমার বিবেককে তাড়না দেয়। তাই আমি কথাগুলো বলেছি। যাতে উচ্চ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে ভবিষ্যতে আর কেউ এমন কথা বলতে সাহস না পায়।
