দেশে এলো আরও ৫০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন

নজর২৪, ঢাকা- এবার সরকারি অর্থায়নে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এলো করোনাভাইরাসের ভ্যাকসিন। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা আজ সোমবার দেশে এসেছে।

 

এদিন বেলা ১১টা ২০ মিনিটে ভারতের মুম্বাই থেকে এয়ার চার্টার ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রতি কার্টনে ১২শ’ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা রয়েছে।

 

জানা যায়, এসব করোনার ভ্যাকসিন পরিবহনের জন্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকেছে বেক্সিমকোর স্টিকারযুক্ত নয়টি বিশেষ মিনি কাভার্ড ভ্যান। এ ভ্যাকসিনগুলো বিমানবন্দর থেকে নেওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকোর ওয়্যারহাউজে। সেখাসেই সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলো। এ মিনি কাভার্ড ভ্যানগুলোকে পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হবে।

 

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তাজুল বলেন, বিমানবন্দর থানার একটি ও উত্তরা পশ্চিম থানার একটি মোট দু’টি টিম আব্দুল্লাহপুর পর্যন্ত কড়া নিরাপত্তায় ভ্যাকসিনবাহী মিনি কাভার্ড ভ্যানগুলো নিয়ে যাবে। এরপর গাজীপুর জেলা পুলিশের টিম আব্দুল্লাহপুর থেকে নিয়ে যাবে।

 

গত বছরের ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সিরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী এই ভ্যাকসিন এলো দেশে। সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে তিন কোটি ভ্যাকসিন পাবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন ভারতে উৎপাদন করছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

 

এর আগে, রোববার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ইতোমধ্যেই উপহার হিসেবে ভারত সরকার ২০ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়েছে বাংলাদেশে। ২৫ জানুয়ারি চুক্তি অনুযায়ী আরও ৫০ লাখ ভ্যাকসিন দেশে আসবে। এই ৭০ লাখ ভ্যাকসিন দেশে রাখা ও বিতরণের সব প্রস্তুতি এরই মধ্যে নেওয়া হয়েছে।’

 

এ দিন স্বাস্থ্য অধিদফতরের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ টিকা বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক বলেন, ‘ভ্যাকসিন আসার পর সেটা গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে রাখা হবে।’

 

একই দিন সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, ‘ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা তিন কোটি করোনা ভ্যাকসিনের প্রথম চালান দেশে পৌঁছবে সোমবার। প্রথম লটের ভ্যাকসিন যেহেতু আসছে, আমি নিজেই যাবো, এয়ারপোর্টে রিসিভ করতে। এয়ারপোর্ট থেকে ভ্যাকসিনগুলো বেক্সিমকোর টঙ্গীর ওয়্যারহাউজে নেওয়া হবে। চালানটি গ্রহণ করে তা ল্যাবে পাঠানো হবে। ল্যাব পরীক্ষার পর যখন ক্লিয়ারেন্স পাব, তখন সরকার যে ৬৪টি জেলায় দিতে বলবে সেখানে পাঠাবো। শুধু পৌঁছালে হবে না, এটা প্রমাণ করতে হবে যে, এটার সবকিছু ঠিক আছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *