নজর২৪, নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিচার দাবিতে কোম্পানিগঞ্জে ডাকা অর্ধদিবস হরতাল ওবায়দুল কাদেরের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় এ হরতাল প্রত্যাহার করা হয়।
স্থানীয় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে মেয়র আব্দুল কাদের মির্জা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দাবি সমূহ প্রধানমন্ত্রীর সদয় বিবেচনাধীন রয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদেরের নির্দেশে আমরা এই হরতাল প্রত্যাহার করেছি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌর বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোটভাই আবদুল কাদের মির্জা অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে এই আধাবেলা হরতালের ডাক দেন।
রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেয়া হয়েছিল।
উল্লেখ্য, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বৃহস্পতিবার গভীর রাতে নিজের ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদেরকে ‘রাজাকার ফ্যামিলির লোক’ বলে কটূক্তি করেন।
এর প্রতিবাদে এমপি একরাম চৌধুরীর বহিষ্কার ও বিচার দাবিতে ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হাজার হাজার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী লাগাতার বিক্ষোভে অংশ নেয়।
এর নেতৃত্ব দেন বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
