কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিলেন ওবায়দুল কাদেরের ভাই

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবার সম্পর্কে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর বিচার দাবিতে কোম্পানিগঞ্জে অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।

 

রোববার (২৪ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পালিত হবে এ হরতাল। শনিবার এ ঘোষণা দেন বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র ও ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা।

 

এর আগে শুক্রবার থেকেই অবস্থান ধর্মঘট পালন করে আসছেন ওবায়দুল কাদেরের সমর্থকরা। রাত থেকেই বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে অবস্থান নেয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। কনকনে শীত উপেক্ষা করেই সারারাত একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার, জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল, নোয়াখালীতে অপরাজনীতি, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য বন্ধসহ বিভিন্ন দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছিলেন।

 

এ কর্মসূচি শুরুর ১৭ ঘণ্টা পর শনিবার সকাল সাড়ে ১০টায় অবস্থান ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এ সময় ঘোষণা দেওয়া হয় অর্ধদিবস হরতালের। রোববার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে বলে জানান কাদের মির্জা।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে রাজাকার পরিবারের সন্তান বলে আখ্যায়িত করেন।

 

আগামী কয়েকদিনের মধ্যে এসব নিয়ে কথা বলা শুরু করবেন বলে হুমকি দিয়ে একটি ভিডিও আপলোড করেন। ইতিমধ্যে একরামুল করিম চৌধুরীর এ বক্তব্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে।

 

পরে তার ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। এর আগেই কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *