করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ১০ নির্বাহী আদেশ দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা গ্রহণের দুদিনের মধ্যেই অন্তত ২৫টি নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের দিন তিনি ১৫টি নির্বাহী আদেশে সই করেন। এবার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তিনি আরো ১০টি নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন।

 

তার আদেশ অনুসারে টিকা প্রদানের গতি বাড়ানো হবে এবং প্রতিদিন আরো বেশি সংখ্যক লোকের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। এ ছাড়া মাস্কের মতো জরুরি জিনিসের উৎপাদন বাড়াতে জরুরি আইন প্রয়োগ করা হবে।

 

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জাতীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ভিন্ন ভিন্ন রাজ্যের সিদ্ধান্তের দিকে না তাকিয়ে সামগ্রিক সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাইডেন নতুন সিদ্ধান্ত নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের মাত্র এক দিনের মধ্যেই।

 

মহামারিতে যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করতে ব্যর্থ হওয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ব্যাপকভাবে সমালোচনার শিকার হয়।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের অন্তত চার লাখ ছয় হাজার লোকের মৃত্যু হয়েছে আর ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ।

 

এ দিকে, প্রথম দিন বাইডেন যে সব নির্বাহী আদেশে সই করেছেন তার মধ্যে ছিলো করোনাভাইরাস পরিস্থিতিতে ক্ষতির মুখে পড়া নাগরিকদের জরুরি সাহায্য প্রদান, ছয়টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও লিঙ্গ ও জাতভেদে মানুষের সমান অধিকার নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *