ভারতে রহস্যজনক বিস্ফোরণ, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল বৃহস্পতিবার ভারতের প্রখ্যাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কর্ণাটকের শিবমোগা এলাকা।

 

প্রথমে সবাই ভেবেছিল ভূমিকম্প হচ্ছে, পরে বেরিয়ে আসে ভয়াবহ বিস্ফোরণের তথ্য। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে সংগঠিত এই বিস্ফোরণকে ‘রহস্যজনক’ আখ্যা দিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। কারণ এটি কি বোমা বিস্ফোরণ ছিল নাকি অন্য কিছু, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

 

প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ জানিয়েছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো একটি পাথর খাদানে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আজ শুক্রবার সকালে পুলিশ এসে পুরো এলাকা ঘিরে রেখেছে।

 

তাদের ধারণা, আরো বিস্ফোরণ ঘটতে পারে, তাই স্থানীয় বাসিন্দাদেরকে যথাসম্ভব বের করে দেওয়া হচ্ছে। শিগগিরই বিশেষজ্ঞ দল এসে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করবে।

 

বিস্ফোরণের ফলাফল এতই ভয়ানক ছিল, আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। রাস্তায় দেখা দিয়েছে বিশাল ফাটল। কম্পন অনুভূত হয়েছে অন্তত ১৫ কিলোমিটার পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *