শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক- শেষবারের মতো হোয়াইট হাউস ছাড়লেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউস থেকে পাকাপোক্তভাবে বিদায় নিয়েছেন তিনি।

 

বুধবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটার দিকে বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ানে করে মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ডিউজের উদ্দেশে রওনা দেন তিনি।

 

সেখানে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ট্রাম্প। হোয়াইট হাউস ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন বিদায়ী প্রেসিডেন্ট। এসময় সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

 

ট্রাম্প বলেন, দায়িত্ব পালনকালে তিনি অনেক কিছু অর্জন করেছেন। তিনি এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প মার্কিনদের ভালোবাসেন।

 

মেরিল্যান্ডের সামরিক ঘাঁটিতে অনুষ্ঠান শেষে ফ্লোরিডায় তার মা-এ-লেগো রিসোর্টে যাবেন ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

 

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে শপথ নিচ্ছেন জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও এদিন শপথ নেওয়ার কথা রয়েছে। ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন।

 

যুক্তরাষ্ট্রের শত বছরের প্রথা ভেঙে পরবর্তী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হাজির না হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, বাইডেন শপথ নেওয়ার আগেই হোয়াইট হাউজ ছেড়ে যাবেন তিনি।

 

সেই অনুযায়ী হোয়াইট হাউজ ছেড়ে ইতোমধ্যে বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে পৌঁছেছেন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *