হোয়াইট হাউজের বিদায়ী ভাষণে ট্রাম্প বললেন, ‘যা করতে এসেছিলাম, তার সবই করেছি’

আন্তর্জাতিক ডেস্ক- যুক্তরাষ্ট্রে চার বছরের মেয়াদ শেষে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হতে যাচ্ছে জো বাইডেনের। তার সঙ্গে শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

 

হোয়াইট হাউজ ছাড়ার আগে বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ”আমরা যা করতে এসেছিলাম, সেগুলো তো করেছিই, আরও অনেক কিছু করেছি।”

 

ইউটিউবে পোস্ট করা একটি ভিডিও বার্তায় ট্রাম্প বলেছেন যে, তিনি অনেক ‘কঠিন লড়াইয়ের মোকাবেলা করেছেন, সবচেয়ে শক্ত লড়াই…কারণ আপনারা আমাকে এজন্যই নির্বাচিত করেছিলেন।”

 

গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হলেও এখনো সেই ফলাফল পুরোপুরি মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প।

 

এদিকে বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন মঙ্গলবার তাদের ডেলাওয়ারের বাসভবন ছেড়ে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ২০০৮ সালে বারাক ওবামার ভাইস-প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার আগে ৩৬ বছর ধরে সেনেটর থাকার সময় এখানেই থাকতেন জো বাইডেন।

 

একটি আবেগী বিদায়ী বার্তায় তিনি বলেছেন, ”যখন আমি মারা যাবো, ডেলাওয়ারের কথা আমার হৃদয়ে লেখা থাকবে।”

 

বুধবার তিনি হোয়াইট হাউজে যাবেন। বাংলাদেশ সময় রাতের বেলায় ক্যাপিটল ভবনের সামনের চত্বরে তার অভিষেক অনুষ্ঠান হবে।

 

তবে এর আগে আর কোন অভিষেক অনুষ্ঠান এমনভাবে হয়নি। ক্যাপিটলে দাঙ্গার পর থেকে পুরো ওয়াশিংটন কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে। হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে এবং হোয়াইট হাউজের চারদিকে ধাতব বেড়া দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *