ইশরাকের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করল দুদক

নজর২৪, ঢাকা- অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

সোমবার সকালে বিচারপতি মো: সেলিমের একক বেঞ্চে আপিলটি কার্যতালিকাভুক্ত করা হয়।

 

দুদকের আইনজীবী মো: খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গত ২৩ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম দুদকের মামলায় ইশরাককে খালাসের রায় দেন।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০০৮ সালের ১ সেপ্টেম্বর ইশরাক হোসেন নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণী কমিশনে দাখিলের নোটিশ দেওয়া হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর দুদকের কনস্টেবল মো. তালেব কমিশনের ওই আদেশ জারি করতে তাদের বাস ভবনে যান।

 

কিন্তু ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় উপস্থিত চারজনের (সাক্ষী) সামনে বাস ভবনের নীচ তলায় প্রবেশ পথের বাম পাশে দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে ওই আদেশ জারি করা হয়। কমিশনের দেওয়া সাত কার্য দিবসের মধ্যে ইশরাক হোসেনকে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি।

 

২০১০ সালের ৩০ আগস্ট রাজধানীর রমনা থানায় ইশরাকের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। তদন্ত শেষে ২০১৭ সালের ৬ ডিসেম্বর ইশরাক হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *