১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট

নজর২৪ ডেস্ক: দেশের তিন শতাধিক পৌরসভার মধ্যে চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভায় ভোট হবে ১৪ ফেব্রুয়ারি। রোববার নির্বাচন কমিশন সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়।

 

ইসির অনুমোদনের পর জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এসব পৌরসভা ভোটের তফসিল ঘোষণা করেন।

 

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি, প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। ভোট ১৪ ফেব্রুয়ারি। নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

 

এর মধ্যে ৩১ পৌরসভায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোয় ব্যালটে। দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার চার ধাপে পৌর নির্বাচন করছে কমিশন।

 

প্রথম ধাপের তফসিলের ২৫টি পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভায় ভোট হবে। এর মধ্যে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২ পৌরসভায় ব্যালটে ভোটগ্রহণ হবে। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট হবে।

 

আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *