এসএমএস পাঠিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কম্পিউটার পেলেন শাকিল

নজর২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল নম্বরে সহযোগিতার এসএমএস করে কম্পিউটার পেয়েছেন শাহাদাত হোসেন শাকিল নামে এক তরুণ। সোমবার (২৮ ডিসেম্বর) কুমিল্লার জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৫ হাজার টাকার একটি কম্পিউটার দেন।

 

শাহাদাত হোসেন শাকিল বলেন, প্রধানমন্ত্রীর মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে কম্পিউটার কেনার জন্য ২৫ হাজার টাকা সহায়তা চেয়েছিলাম। কারণ কম্পিউটার কেনার সামর্থ্য আমার ছিল না। অন্যের কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বরটি চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে আমি গত ৭ ডিসেম্বর ওই নম্বরে এসএমএস পাঠাই।

 

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, এই তরুণ প্রধানমন্ত্রীকে একটি ক্ষুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে তার পরিবারের জীবন নির্বাহের জন্য সহযোগিতা চেয়েছেন।

 

“দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন তাকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কী সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়। আমাদের তিনি জানান গ্রাফিক্স ডিজাইনসহ তিনি কম্পিউটারের অনেকগুলো কাজ জানেন। যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে পরিবারসহ ভালো থাকবেন।”

 

জেলা প্রশাসক আরও বলেন, “আমরা সেই লক্ষ্যে একটি সুন্দর জীবনের প্রত্যাশায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দিয়েছি। আমরা মনে করি এই সহায়তায় পরিবারসহ শাকিল ভালো থাকবেন।”

 

শাকিল কুমিল্লা নগরীর মুগলটুলির আবদুল হালিমের ছেলে। তার পরিবারের স্থায়ী ঠিকানা কুমিল্লা সদর উপজেলার পাথুরীপাড়া।

 

এসএমএস পাঠানোর একদিন পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে ফোন করা হয়। এর একদিন পরই কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে খোঁজখবর নেয়া হয়। সোমবার তাকে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি কম্পিউটার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *