সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

নজর২৪, খাগড়াছড়ি- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সরকার হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন; যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে।

 

হেফাজতের প্রয়াত আমীর আল্লামা শফির মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারে হেফাজতে ইসলামের হুশিয়ারি প্রসঙ্গে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) খাগড়াছড়িতে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, মামলা করা নাগরিক অধিকার, কেউ কেউ মনে করে অন্যায় হয়েছে, সংক্ষুব্ধ হয়েছে তারা মামলা করেছে। যে কেউ মামলা করতে পারে। যারা মামলা করেছেন তা উঠিয়ে নেবেন কিনা তা তারাই জানেন। এখানে সরকারের কিছু করার নেই।”

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মনে করি বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে।”

 

সারাদেশে ভাস্কর্য ভাংচুর করা প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, “ভাস্কর্য পাহারার জন্য হাই কোর্ট থেকে নির্দেশনা এসেছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়; বাঘা যতীনের ভাস্কর্য ভাংচুর হয়েছে। আমরা মনে করি এগুলো বাংলাদেশের কৃষ্টি। বাংলাদেশের সম্পদ। এগুলো সুরক্ষার দায়িত্ব সবার। জনগণেরও এখানে দায়িত্ব রয়েছে।”

 

এদিন খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, নারায়াণগঞ্জ ও চাঁদপুরের ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর মধ্য দিয়ে দেশের ৬৪ জেলায় ই-পাসপোর্ট সেবার আওতায় এসেছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির সংরক্ষিত আসনের সাংসদ বাসন্তি চাকমা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহীদুজ্জামান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান প্রমুখ।

 

এই সময় সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *