হেফাজতে ইসলামের নতুন ‘ফেসবুক পেজ’ উদ্বোধন করলেন আল্লামা বাবুনগরী

নজর২৪, ঢাকা- দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন করে একটি অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন করলেন সংগঠনটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

গতকাল সোমবার (২১ ডিসেম্বর) রাতে ‘”হেফাজতে ইসলাম বাংলাদেশ” নামের এ ফেসবুক পেজটি আমিরে হেফাজতের রুমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

জানা গেছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে দুই লাখ ৫৭ হাজার ৪৬১ লাইকের একটি পেজ রয়েছে। এই পেজটি সদ্য প্রয়াত হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর প্রেসসচিব মাওলানা মুনির আহমদের নিয়ন্ত্রণে রয়েছে।

 

বৃহৎ পেজটি কেন হেফাজতের অফিসিয়াল পেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে না এবিষয়ে হেফাজতের প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী জানান, তাকে (মাওলানা মুনির আহমদ) অনেকবার পেজ হস্তান্তর করার অনুরোধ করা হলেও তিনি হস্তান্তর না করায় আমরা নতুন পেজ চালু করেছি।

 

এদিকে হেফাজতের নতুন ফেসবুক পেজ উদ্বোধনকালে আল্লামা বাবুনগরী বলেন, তথ্য সন্ত্রাসের এই যুগে বিশ্ববাসীর কাছে হক কথা তুলে ধরা অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ। আমি এই কাজকে এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানাই। এই পেজের মাধ্যমে আপনারা সঠিক তথ্য জাতির কাছে তুলে ধরবেন।

 

মিডিয়ার এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ইসলামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে সঠিক ইসলাম এবং ইসলামের সৌন্দর্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। আগামীর বিশ্ব হবে ইসলামী বিশ্ব। মানুষ হবে ঈমানের আলোয় আলোকিত।

 

হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজীজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির,

 

সহকারী মহাসচিব যথাক্রমে মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা জাফর আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, দফতর সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, সহ প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সায়েম উল্লাহ,

 

সহ অর্থ সম্পাদক মাওলানা হাফেজ ফয়সাল, হেফাজতের চট্টগ্রাম মহানগরীর নেতা মাওলানা ক্বারী ফজলুল করিম জিহাদী, হেফাজত নেতা মাওলানা জুনাইদ বিন ইয়াহইয়া, হেফাজত আমীরের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী প্রমুখ।

 

উল্লেখ্য, হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন ফেসবুক পেজের লিঙ্ক: https://bit.ly/37FhUlP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *