ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবের

আন্তর্জাতিক ডেস্ক- বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগের পরিকল্পনা করেছে। দিল্লিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. সৌদ বিন মোহাম্মদ আল সাতী ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বিষয়টি জানিয়েছেন।

 

পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে ড. সৌদ বিন মোহাম্মদ আল সাতী বলেন, ‘ভারতে বিনিয়োগে আমাদের পরিকল্পনা আছে। আমরা উভয় দেশের কিছু খাতে অগ্রাধিকারভিত্তিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করছি।’

 

সৌদি আরব ভারতকে কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মূল্যয়াণ করে বলে উল্লেখ করেন আল সাতী। তিনি অংশীদারিত্বের ক্ষেত্র হিসেবে প্রশিক্ষণ, জ্ঞান এবং স’ন্ত্রা’সবাদ মোকাবিলায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে চলমান সহযোগিতাকে চিহ্নিত করেন।

 

করোনা মহামারিতে অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ভারতের উদ্যোগের প্রশংসা করেন আল সাতী। তিনি বলেন, উভয় দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার এই অঞ্চলের অন্যান্য অর্থনীতিকেও উন্নত করতে সহায়তা করবে।

 

‘বিশিষ্ট খাতগুলোতে ভারতের অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ প্রশংসনীয়। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মহামারির প্রভাব কাটিয়ে নিজেদের অর্থনীতিকে পুনরুদ্ধারের সক্ষমতা ভারতের আছে,’ বলেন তিনি।

 

গত বছরের ফেব্রুয়ারিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভারত সফরের সময় ঘোষণা করেছিলেন, ভারতে পেট্রোকেমিক্যালস, পরিশোধন, অবকাঠামো, খনন ও উৎপাদন, কৃষি ছাড়াও অন্যান্য খাতে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করবে তার দেশ।

 

উল্লেখ্য, ভারত বহু বছর ধরে সৌদি আরবের তেলের ওপর নির্ভর করছে। ভারতের আমদানি করা অপরিশোধিত তেলের শতকরা প্রায় ২০ শতাংশই আসে সৌদি আরব থেকে। সৌদি আরবে ভারতের ৪০ লাখেরও বেশি মানুষ কাজ করে। তারা প্রতি বছর সৌদি আরব থেকে ভারতে ১১শ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *