নজর২৪, ঢাকা- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এই কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না। গোটা জাতি এই নির্বাচন কমিশনের পদত্যাগ চায়।”
সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
৩০ ডিসেম্বর সরকারের দুই বছর পূর্তি হচ্ছে। ২০১৮ সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে ওই দিন সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন মির্জা ফখরুল। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশনের অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতির করণে গোটা জাতি এখন নির্বাচন কমিশনের অপসারণ চায়। ৪২ জন বিশিষ্ট নাগরিকের রাষ্ট্রপতির কাছে চিঠি সেই সত্যতা প্রমাণ করেছে। ৩০ ডিসেম্বর সেই কলঙ্কময় দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে।
বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাবে ফখরুল বলেন, “আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলেছে। তারপরও দলটি বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়ে কথা বলছে। এটা তাদের মুখে মানায় না।”
সম্প্রতি বিএনপির দুই ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন খান ও শওকত মাহমুদকে শোকজ দেওয়ার পর তাঁরা জবাবও দিয়েছেন। এ প্রসঙ্গে দলের পরবর্তী পদক্ষেপ জানতে বিএনপির মহাসচিবকে প্রশ্ন করা হয়। এ বিষয়ে তিনি বলেন, বিএনপির ঐক্যবদ্ধ আছে। বড় দলে দু–একটি ঘটনা ঘটবে। এটাকে এত বড় করে যাঁরা দেখছেন, তাঁরা ঠিকভাবে দেখছেন না। বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি।
