এইচএসসির ফল এ মাসেই

নজর২৪, ঢাকা- চলতি ডিসেম্বর মাসের মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম রোববার (২০ ডিসেম্বর) এ তথ্য জানান।

 

তিনি বলেন, শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে এইচএসসির ফল ঘোষণা করা হবে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

 

করোনাভাইরাস মহামারীর মধ্যে পঞ্চম ও অষ্টমের সমাপনীর মত এবার এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে না বলে গত ৭ অক্টোবর জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। ওইদিন তিনি বলেন, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ফল ঘোষণা করা হবে।

 

অধ্যাপক আমিরুল বলেন, “আমরা আশাবাদী, শিক্ষামন্ত্রী মহোদয়ের কমিটমেন্ট অনুযায়ী রেজাল্ট তৈরি করতে পারব।

 

“মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রস্তাব আসছে-যাচ্ছে, আমরা কাজ করছি। কোনো কোনো দিন, দুই-পাঁচটা মিটিংও করতে হচ্ছে। আমাদের প্রস্তুতিটা ডিসেম্বরের মধ্যে ফল ঘোষণা করার মতই আছে।”

 

কবে এইচএসসির ফল ঘোষণা করা হতে পারে, সেই তারিখ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, “তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তারিখ চূড়ান্ত হলে আপনাদের জানানো হবে।”

 

এইচএসসি-সমমানের মূল্যায়নের ক্ষেত্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল যে প্রাধান্য পাবে, সে কথা শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।

 

উল্লেখ্য, করোনার কারণে গত ১৭ মার্চ থেকে দেশে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় সেই বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে, যা এখনো চলমান। সেজন্য গত ১ এপ্রিল থেকে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *