Home প্রধান খবর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ছে!

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও এক মাস বাড়ছে!

0
133

নজর২৪, ঢাকা- করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক মাস বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চলমান ছুটি সম্পর্কে জানতে চাইলে গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এদিকে চলমান ছুটি আবারও বাড়ার আভাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

 

শিক্ষা উপমন্ত্রী গণমাধ্যমকে বলেন, চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। আগামী ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে জানিয়ে দেয়া হবে।

 

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর ছুটি বাড়ানো হয় কয়েক দফা। সর্বশেষ গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

 

তবে এর আগে সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য সিলেবাস শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করলেও সেখান থেকে পিছিয়ে এসেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তা-ভাবনা থাকলেও করোনা সংক্রমণ নতুনভাবে বেড়ে যাওয়ায় সে সিদ্ধান্ত থেকে সরে এসে ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এখন পর্যন্ত করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নতুন করে আরও এক মাস ছুটি বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে।

 

তিনি বলেন, ১৭-১৮ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা আসতে পারে। এ ছুটির মধ্যে আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। তবে এবার কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে না। শিক্ষার্থীদের স্কুলে এসে পাঠ্যবই নিতে বলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here