আন্তর্জাতিক ডেস্ক: অ্যাডিডাস ও জার্মান প্রতিষ্ঠান মেইসেন এর ডিজাইন করা এক জোড়া জুতার দাম সাড়ে ৮ কোটি টাকা বা এক মিলিয়ন মার্কিন ডলার! কথাটি শুনে চোখ কপালে উঠলেও ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সোদবি এক জোড়া স্নিকারসের এমনই দাম প্রত্যাশা করছে।
জুতা জোড়ার দাম ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে বরে নিলামকারী প্রতিষ্ঠান সোদবি মনে করছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। এতো বেশি দামে কোনো জুতা এই প্রথম বিক্রি হতে যাচ্ছে।
জানা যায়, বেশ কয়েক জোড়া জুতা এ বছর ইতোমধ্যে দামের দিক থেকে রেকর্ড গড়েছে। সর্বশেষ গত আগস্ট মাসে নাইকি এয়ার জর্ডানের এক জোড়া জুতা বিক্রি হয়েছে ৬ লাখ ১৫ হাজার ডলারে।
তবে অ্যাডিডাস ও মেইসেনের যে জুতা জোড়ার এত দাম, তা কিন্তু ঠিক পায়ে পরে চলাফেরার উপযোগী নয়। বরং শৈল্পিক দিকই হলো এই জুতার অনন্য বৈশিষ্ট্য। অনলাইনে এই নিলাম আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে জানা গেছে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, অনন্য এই চামড়ার জুতা অ্যাডিডাসের জনপ্রিয় জেডএক্স ৮০০০ মডেলের। আর এর ওপর নিপুণ কারুকাজ করেছেন মেইসেনের কারিগরা।
এ ব্যাপারে সোদবির ই-কর্মাস ডেভেলপমেন্ট পরিচালক ব্রাহ্ম ওয়াচার বলেন, বাজারে স্নিকারসকে শিল্প হিসেবে দেখার মতো পরিবর্তন এসেছে।
