আর্জেন্টিনার সাবেক কোচ সাবেলা আর নেই

স্পোর্টস আপডেট ডেস্ক- ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু শোক ভুলতে না পারা আর্জেন্টাইনরা মঙ্গলবার পেলেন আরেকটি দুঃসংবাদ। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে রানার্সআপ ট্রফি এনে দেওয়া কোচ আলেসান্দ্রো সাবেলা মারা গেছেন।

 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টর্সের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে গোল ডটকম।

 

গত ২৬ নভেম্বর ‘জরুরিভাবে’ হাসপাতালে নেওয়া হয় সাবেলাকে। পরে বুয়েন্স আয়ার্সের কার্ডিওভাস্কুলার ইনস্টিটিউটে নেওয়া হয়। দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার হার মানেন সাবেলা। হার্ট, কিডনি ও শ্বাস-প্রশ্বাসের নানা সমস্যায় ভুগছিলেন ৬৬ বছর বয়সী সাবেলা।

 

আলেসান্দ্রো সাবেলা ২০১১ সালে দায়িত্ব নিয়ে তিন বছর আর্জেন্টিনা কোচের পদে ছিলেন। তার অধীনেই ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে লিওনেল মেসির দল। ফাইনালে অবশ্য জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল সাবেলার আর্জেন্টিনা। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।

 

ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৮৩-৮৪ সময়ে ৮টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তার কোচিংয়ে আর্জেন্টিনা ৪০টি ম্যাচ খেলে জিতেছে ২৫টি। ১০টি ড্র আর ৫টি হার।

 

২০০৯ সালে প্রথমবারের মতো প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়ে আর্জেন্টিনার ক্লাব এস্তাদিয়ান্তেসকে জিতিয়েছিলেন কোপা লিবার্তোদোরেস শিরোপা। পরের বছরই এস্তাদিয়ান্তেস জিতেছিল আর্জেন্টাইন লিগ শিরোপা।

 

দুই বছর পর পদত্যাগ করে আর্জেন্টিনার জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব নেন সাবেলা। তার পরামর্শে ওই সময়ে লিওনেল মেসিকে দলের অধিনায়ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *