২ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন এমপি নিক্সন

নজর২৪, ফরিদপুর- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার উপ-নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ফরিদপুরের জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

 

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালত মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

 

মঙ্গলবার আদালতে নিক্সনের জামিনের সমর্থনে যুক্তি তুলে ধরেন তার আইনজীবী শামসুল হক ভোলা মাস্টার। রাষ্ট্রপক্ষ এ জামিনের আবেদনের বিরোধীতা না করায় আদালত দুই হাজার টাকার বেলবন্ডে সাংসদ নিক্সকে নিয়মিত জামিন দেন।

 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মামলাটি করে নির্বাচন কমিশন। গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলাটি করেন চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

 

মামলার এজাহারে বলা হয়, সাংসদ নিক্সন চৌধুরী গত ৯ অক্টোবর সকালে মুঠোফোন থেকে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারকে কল করেন। সাংসদ নির্বাচনে অধিকসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, অধিকসংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের কারণে তাঁর প্রার্থী পরাজিত হলে মহাসড়ক অবরোধ করা হবে। এ ছাড়া নানা ভয়ভীতি প্রদর্শন ও অশোভন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়।

 

এ ছাড়া ১০ অক্টোবর নির্বাচনের দিন চরভদ্রাসন উপজেলার চর অযোধ্যা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এক ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে আটক হন। নির্বাচনের দায়িত্বে থাকা ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ওই ব্যক্তিকে আটকের নির্দেশ দেন। এ ঘটনায় সাংসদ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোনে কল করে সাংসদ গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে।

 

এ মামলায় গত ২০ অক্টোবর আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তবর্তীকালীন জামিন পান এমপি নিক্সন। এরপর নিম্ন আদালতে এ জামিন হল।

 

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হয়। এদিকে নির্বাচন পরিচালনায় অনিয়মের প্রমাণ পাওয়ায় এ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনটি গত ৬ ডিসেম্বর বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *