নজর২৪, মোংলা- অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহলদল।
এসময় জেলেদের ব্যবহৃত এফবিমা শিবানিথ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ।
ট্রলার, জাল ও মাছসহ আটকদের বুধবার (২ ডিসেম্বর) রাতে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাহারিয়ার আলম এ তথ্য নিশ্চিত করে জানান, আটক জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায়। তবে তাৎক্ষনিক তাদের নাম ঠিকানা জানাতে পারেনি।
তিনি জানান, মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে নিয়মিত টহল দেয়ার সময় অনুপ্রবেশকারী সন্দেহজনক কয়েকটি ফিশিং ট্রলার দেখতে পেয়ে এগিয়ে যায়। এ সময় কোস্টগার্ড সমুদ্রের দেশীয় জলসীমা থেকে ‘এফবি মা শিবানী’ নামের একটি ট্রলারসহ ১৭ ভারতীয় নাগরিককে আটক করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় এক মেট্রিক টন মাছ নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে সমুদ্র সীমানা লঙ্ঘন আইনে মামলার পর বৃহস্পতিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
